যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শান্তিপুরে ফিরল ডাক্তারি পড়তে যাওয়া যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ মার্চ: যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে বললেন শান্তিপুর থেকে ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া যুবক। মাত্র তিন মাস আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন শান্তিপুর ৬ নম্বর ওয়ার্ডের শ্যামবাজার এলাকার যুবক অর্ক সমাদ্দার। সবকিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎই বোমা বর্ষণ, কানে খবর আসে ছেড়ে যেতে হবে ইউক্রেন। তবে যে কারণে দেশের মাটির মায়া ত্যাগ করে আগামী ভবিষ্যতের জন্য ইউক্রেনে যাওয়া সে স্বপ্ন হয়তো আর পূরণ হবে না।

বাড়িতে ফিরে পরিবার খুশি হলেও, আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে হতাশায় ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র অর্ক সমাদ্দার। গতকাল শান্তিপুরের নিজের বাড়িতে পা রাখা মাত্রই স্বস্তির নিঃশ্বাস পরিবারের। বাবা-মা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ঘটনা জানার চেষ্টা করে ছেলের কাছ থেকে, সবটা জানার পরে গা শিউরে ওঠে বাবা-মার। কিন্তু অর্ক সমাদ্দার বলেন, ইউক্রেনে আমাদের কোনও অসুবিধা হয়নি আমরা নিরাপদ জায়গাতেই ছিলাম। মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও সবসময় ভাবছিলাম যদি ইউক্রেন ছেড়ে দেশে ফিরে যেতে হয় তাহলে ভবিষ্যৎ কি হবে, আর সেটাই ঘটলো, ইউক্রেন ছেড়ে ফিরতে হল বাড়িতে।

কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে অর্ক সমাদ্দার ও তার পরিবার। তবে ছাত্র অর্ক সমাদ্দারের সরকারের কাছে এখন একটাই দাবি সরকার যেন তাদের মতো ছাত্রদের আগামী ভবিষ্যতের দিকে তাকায়। এই মুহূর্তে ইউক্রেনের যা অবস্থা পড়াশোনার ক্ষেত্রে কিভাবে এগিয়ে যাবে সে তাই নিয়ে অনেকটাই হতাশায় ভুগছে অর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *