স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ মার্চ: পুজো উপলক্ষে মামাবাড়ি বেড়াতে এসে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার প্রতিনিধি দল।
জানা গেছে, মামাবাড়িতে শীতলা পুজো উপলক্ষে বালুরঘাট থেকে প্রফুল্ল নগর বেলেমাঠ এলাকায় বেড়াতে আসে এক যুবক। ওই যুবকের নাম দ্বীপ দে, বয়স আনুমানিক ১৮ বছর। এদিন শীতলা ঠাকুর নিয়ে ফুলিয়ার বয়রায় গঙ্গার ঘাটে বিসর্জন দিতে আসে। পরিবারের সদস্যদের সঙ্গে ওই যুবক গঙ্গায় স্নান করতে নামে। হঠাৎ ওই যুবক গঙ্গা থেকে নিখোঁজ হয়ে যায়। এরপরই পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশিরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। শুরু হয় ডুবুরি নামিয়ে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি। ঘটনা ঘিরে রীতিমতো শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার এবং এলাকায়। যদিও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের।

