গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ এপ্রিল: নববর্ষের প্রথম দিনেই বিষাদের সুর গোপীবল্লভপুরের টিকায়েৎপুর গ্রামে। সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল ২২ বছরের যুবক।

জানা গেছে, নদীর জলে তলিয়ে যাওয়া যুবকের নাম সুরজিৎ মহাকুল, বাড়ি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের টিকায়েৎপুর গ্রামে। শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে সুরজিৎ সুবর্ণরেখা নদীর জলে স্নান করতে নেমেছিল। কিন্তু নদীর জলে স্নান করার সময় হঠাৎ জলের মধ্যে তলিয়ে যায় ওই যুবক। প্রথমে তার বন্ধুরা সুরজিৎকে খুঁজতে না পেরে গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীরা জাল দিয়ে খোঁজাখুজি করে তাকে জল থেকে তোলে।তারপরে তাকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই শুখা মরসুমে একজন তরতাজা যুবকের সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।কারণ স্থানীয়রা অভিযোগ করছেন বালি খাদানের গর্তে পড়ে গিয়েছিল ওই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *