জয় লাহা, দুর্গাপুর, ৯ মে: নির্মীয়মান নগরবনের জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল যুবকের। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, দুর্গাপুর সিটিসেন্টারের নগরবন উদ্যানে।
পুলিশ সুত্রে জানাগেছে, মৃতের নাম ভবেশ রাউত (১৭)। তার বাড়ি এমএএমসি টাউনশিপের শিবমন্দির এলাকায়।
প্রসঙ্গত, দুর্গাপুর সার্কিট হাউসের বিপরীতে বনদফতরের উদ্যোগে’ নগরবন’ উদ্যান তৈরী হচ্ছে। জাতীয় সড়কের পাশে ওই এলাকায় প্রায় ১৯ একর জমির ওপর গড়ে উঠেছে নগরবন উদ্যান। ইতিমধ্যেই সৌন্দর্যায়নের জন্য সেখানে পদ্মপুকুর করার জন্য একটি ছোটো জলাশয় করা হচ্ছে। গরমের দাবদহে বেশ কয়েকদিন ধরে ঘেরা টপকে জনা কয়েক কিশোর ওই জলাশয়ে স্নান করতে আসছে। বিপদ হওয়ার আশঙ্কা থাকায় বারংবার তাদের সতর্ক করা হয় বলে দাবি বনদফতরের। এদিন সকাল সড়ে ৯ টা নাগাদ বেশ কয়েকজন যুবক জলে স্নান করতে নামে। তার মধ্যে ভবেশ সাঁতার না জানায় জলে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
দুর্গাপুরের ডিএফও বুদ্ধদেব মন্ডল বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা বহুবার সতর্ক করেছি। এখনও ওই উদ্যান গড়ে তোলার কাজ চলছে বলে কোনও নিরাপত্তারক্ষী নেই। আমরা দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় সতর্কতা জারি করে একটি সাইনবোর্ড বসিয়ে দেব।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

