জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ এপ্রিল: শুক্রবার রাতে শালবনি ব্লকের সিজুয়া এলাকায় পথ দুর্ঘটনায় চিত্ত মাহাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শালবনি- সিজুয়া পাকা সড়ক ধরে পেশায় ব্যবসায়ী ওই যুবক বাইকে করে তার তিলাবনি গ্রাম ছাড়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।
পুলিশ জানিয়েছে, বছর চল্লিশের মৃত ওই ব্যক্তি পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা করতেন। রাত আটটা নাগাদ শালবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ ওই রাস্তা দিয়ে ফেরার সময় তাকে রক্তাক্ত অবস্থায় পিচ রাস্তার উপর পড়ে থাকতে দেখে গাড়িতে তুলে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন এবং থানায় খবর দেন। মাথায় আঘাত গুরুতর থাকায় সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়।

