জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ আগস্ট: শুক্রবার সকালে শালবনীতে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর চল্লিশের এক ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বুড়া সিং। তিনি শালবনি থানার ৯ নম্বর কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের বেউচা গ্রামের বাসিন্দা। ওই ব্যক্তি পেশায় প্যান্ডেল
মিস্ত্রি। সাত সকালে কাজে যোগ দিতে যাওয়ার পথে শালবনির ভাদুতলাতে একটি দশ চাকার গাড়ি তার সাইকেলে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। গাড়ি সহ চালক ও খালাসিকে আটক করা হয়েছে।

