সাথী দাস, পুরুলিয়া, ৮ নভেম্বর: এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সাঁতুড়ি থানার বৃন্দাবনপুর গ্রাম। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে বৃন্দাবনপুর মাঠে একটি ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয় বৃন্দাবনপুর বাউড়ি পাড়ার সাথে রঘুনাথপুর থানার অন্তর্গত আশাড়ি কেন্দ গ্রামের লোকজনের মধ্যে। ঝামেলা চরমে উঠলে দুই জায়গার মানুষের আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। একে অপরের গ্রামের রাস্তা ব্যবহার করলে ঝামেলা সৃষ্টি হয় প্রত্যেকবারই।

গতকাল রাত্রিবেলা গ্রামের হাট থেকে ফিরছিলেন বৃন্দাবনপুর গ্রামের বাসিন্দা শিশির বাউরি নামে এক ব্যক্তি। আসাড়িকেন্দ গ্রাম হয়ে যাওয়ার সময় সেখানে ঝামেলার সৃষ্টি হয়। ওই সেই গ্রামের কয়েকজন শিশিরকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ। বৃন্দাবনপুর গ্রামের লোকজন শিশিরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে এবং উত্তেজনা সামাল দিতে দুই গ্রামের পাড়ায় রঘুনাথপুর এবং সাঁতুড়ি থানার পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।

রঘুনাথপুর থানার পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। আসাড়িকেন্দ গ্রাম এখন কার্যত পুরুষশূন্য রয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা গ্রামে কেউ নেই। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে এখনো উত্তাল হয়ে রয়েছে বৃন্দাবনপুর গ্রাম।


