কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: কালবৈশাখীর দাপটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে রাস্তার উপরে থাকা তোরণ ভেঙ্গে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম অনুপ হুই। বয়স ৩২ বছর।
তীব্র গরমের পর শনিবার সন্ধ্যেতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আছড়ে পড়ল কালবৈশাখী। আর এই ঝড়ের দাপটে ভেঙ্গে পড়লো জাতীয় সড়ক সহ রাজ্য সড়কের দিক নির্দেশক লোহার তোরণ। খড়্গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় তোরণ ভেঙ্গে তার নিচে চাপা পড়ে মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর- জামনা রাজ্য সড়কে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তোরণ সরিয়ে দেয় এবং যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়।

