সাথী দাস, পুরুলিয়া, ১৯ সেপ্টেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পুরুলিয়ার মাগুড়িয়া গ্রামের কাছে, রাঁচি রোডে। মোটরবাইক আরোহী ওই যুবককে একটি খড় বোঝাই লরি ধাক্কা মারলে গুরুতর জখম হন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে জীবিত নন বলে ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম ভিকি খান (২৩)। বাড়ি ঝাড়খণ্ডের বোকারো স্টিল সিটিতে। জানা গিয়েছে, ওই যুবক ও তাঁর সঙ্গে থাকা আরেক যুবক মোটরবাইকে করে যাচ্ছিলেন। যাওয়ার সময় দ্রুতগতিতে আসা ওই খড় বোঝাই লরিটি ধাক্কা মারলে মোটর বাইকে থাকা দুই যুবক ছিটকে পড়েন। গুরুতর জখম হন ভিকি। তার সঙ্গে থাকা অপর যুবক তেমন কোনো চোট পাননি। এই ঘটনার পরে স্থানীয় মানুষ অভিযোগ করেন খড় বোঝাই ওই লরিটি দ্রুত গতিতে আসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে কী কারণে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ পৌঁছায়। দুর্ঘটনার পরে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ পথ অবরোধ হয়। পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বাসিন্দারা।

