গোবরডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরতাজা যুবকের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ আগস্ট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার গৈপুর নতুন পাড়া ১ নম্বর ওয়ার্ডের। মৃতের নাম মৃন্ময় দাস (২০)।

পরিবার সূত্রের খবর, গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন রেলবাজারে মৃন্ময়ের একটি চালের দোকান রয়েছে। মঙ্গলবার বিকেলে সেই দোকানে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ চলছিল। অসাবধানতাবশত বিদ্যুতের তারে ওই যুবকের হাত পেঁচিয়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা খারাপ থাকায় তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনা স্থলে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাসাতে হাসপাতালে পাঠিয়ে দেয়।

মৃত মৃন্ময় দাস ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম। গত চার বছর আগে বাবা নারায়ণ চন্দ্র দাস মারা যাবার পর সংসারের হাল নিজের কাঁধে তুলে নেন মৃন্ময়। তাঁর মা এবং দিদি শোকে মুহ্যমান। এখন কী ভাবে তাঁদের সংসার চলবে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *