আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২৩ এপ্রিল: সরকারি হাসপাতালকে টেক্কা দিয়ে এবার গ্রামীন এলাকায় অত্যাধুনিক হাসপাতাল গড়লেন এক যুবক। রবিবার বিকেলে সেই হাসপাতালের উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। তিনি জানিয়ে দিলেন, সরকারি হাসপাতালে আইসিসিইউ বেডের সংখ্যা বাড়ানো হবে।
রবিবার বিকেলে বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করেন জেলা শাসক বিধান রায়। উপস্থিত ছিলেন মল্লারপুর ব্লক হাসপাতালের আধিকারিক সৌরভ চক্রবর্তী, বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান বর্তেন মণ্ডল, নইসুভার সভাপতি সোমা পাঠক, সম্পাদক সাধন সিনহা। ৪৮ শয্যার হাসপাতালে আইসিসিইউ শয্যা রাখা হয়েছে ১১টি।
প্রশ্ন হচ্ছে রামপুরহাটে মেডিক্যাল কলেজ করা হলেও সেখানে আইসিসিইউ সংখ্যা মাত্র ছয়। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এনিয়ে প্রশ্ন করা হলে জেলা শাসক বলেন, “আমরা খোঁজ নিয়ে দেখছি। তবে জনসংখ্যা অনুপাতে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলে বাড়ানোর চেষ্টা করব। তবে আমরা চাই বেসরকারি ভাবে জেলার মানুষ এগিয়ে আসুন”।
নার্সিং হোমের কর্ণধার ব্রতীন মণ্ডল বলেন, “পরিষেবা দেওয়ার জন্য এই হাসপাতাল খোলা হয়েছে। আমরা কোনো রোগীকে ফেরাবো না। সমস্ত রোগী নিজেদের বাজেটের মধ্যেই চিকিৎসা করতে পারবে।”

