অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ নভেম্বর: বিশ্ব শান্তির বার্তা নিয়ে সাইকেলে পৃথিবী ভ্রমনকারী হাঙ্গেরির যুবক অ্যাটিলা বার্তা এসে পৌঁছালেন গোপীবল্লভপুর বাজারে। বুধবার বিকালে হাঙ্গেরির ওই সাইক্লিস্ট গোপীবল্লভপুরে পৌঁছাতেই সুবর্ণরেখা নদীর সিধু কানু বীরসা সেতুর উপর তাঁকে সংবর্ধনা দিল সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’। জানা গেছে, এদিন সাইক্লিস্ট অ্যাটিলা বার্তার হাতে ফুলের তোড়া এবং উপহার তুলে দেন ফেসবুক গ্রুপের সদস্যরা।

উল্লেখ্য, ছোট থেকেই বিশ্ব ভ্রমণের সপ্ন ছিল হাঙ্গেরির যুবক অ্যাটিলা বার্তার।বয়স বাড়তেই সপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেন ওই যুবক। শেষমেষ গত ১৬ মাস আগে সাইকেলে করে বাড়ি থেকে বেরোন বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে সঙ্গে রয়েছে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস।

জানা গেছে, যুবক ইতিমধ্যে ১১ টি দেশ ভ্রমন করে নিয়েছেন। গত একমাস আগে কাশ্মীর দিয়ে ভারতে প্রবেশ করেছেন। বর্তমানে কলকাতা থেকে পুরীর উদ্যেশ্যে রওনা দিয়েছেন অ্যাটিলা বার্তা। যাত্রাপথে আজ এসে পৌঁছালেন পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত গোপীবল্লভপুরের বুকে। তখনই যুবককে সংবর্ধনা দেন ফেসবুক গ্রুপের সদস্যরা। আজ তিনি গোপীবল্লভপুরে রাত কাটিয়ে আগামীকাল ওড়িশার উদ্দেশে রওনা দেবেন।

