অ্যাপোক্যালিপ্সের উপস্থিতি নিয়ে মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল: জনপ্রিয় সংস্কৃতিতে অ্যাপোক্যালিপ্সের উপস্থিতি নিয়ে মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-এর মূল সভাগৃহ বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান। মেদিনীপুর কলেজ ও কলকাতার আমেরিকান কন্স্যুলেটের ইউনাইটেড স্টেটস-ইন্ডিয়া এডুকেশনাল ফাউন্ডেশন (USEFI) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচক বক্তৃতা প্রদান করলেন সেন্টার ফর স্টাডিজ অফ সোশ্যাল সায়েন্সেজ, কলকাতার অধ্যাপক শৌভিক মুখার্জি। সাহিত্য, সঙ্গীত, সিনেমা থেকে শুরু করে ভিডিও গেমসের ন্যারেটিভে অ্যাপোক্যালিপ্সের ভাবনার জোরালো উপস্থিতির কথা তিনি শ্রোতাদের সামনে তুলে ধরেন। এরপর ইউনাইটেড স্টেটস-ইন্ডিয়া এডুকেশনাল ফাউন্ডেশন (USEFI) এর পক্ষ থেকে প্রতিনিধিরা আমেরিকান কনস্যুলেটের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প এবং আমেরিকায় উচ্চশিক্ষা লাভের নানাবিধ সুযোগ বিষয়ে এক প্রতিবেদন পেশ করেন। দিনের বাকি অংশে ছিল ছাত্র-ছাত্রীদের প্যানেল ডিসকাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল অ্যাপোক্যালিপ্সের ভাবনা নিয়ে ছাত্র-ছাত্রীদের সৃষ্ট মডেল ও পোস্টার।

মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-এর ছাত্র-ছাত্রীদের সঙ্গে ছিল রাজা নরেন্দ্রলাল খান উইমেন্স কলেজ (স্বশাসিত) এবং বিষ্ণুপুরের রামানন্দ কলেজের ছাত্র-ছাত্রীরা। কলকাতার আমেরিকান সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে মেদিনীপুর কলেজে এমন অনুষ্ঠান সফলভাবে আয়োজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র বেরা। ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আরো করার আশাও তিনি ব্যক্ত করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রায় দ্বিশতাধিক ছাত্র-ছাত্রী আজ মেতে থাকলো অ্যাপোক্যালিপ্সের ভাবনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *