রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে খড়গপুরে বিজেপির শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে এক মহিলাকে মারধর

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর:
দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির শ্রমিক সংগঠনের অনুষ্ঠান চলাকালীন রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তুলে এক মহিলাকে মারধর করে দড়ি বেঁধে নিয়ে যায় ওই সংগঠনেরই সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের গোলবাজারের একটি আবাসনে।

আজ দুপুরে বিজেপির শ্রমিক সংগঠন, ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘের সম্মিলনী অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যোগ দিতে আসেন সদস্যরা। মালদা থেকে যোগ দিতে আসেন শেফালী রায় নামে সংগঠনের এক সদস্য। ওই অনুষ্ঠানে দিলীপ ঘোষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

জানা গেছে, এই অনুষ্ঠানে শেফালী রায় ছাড়াও মালদা থেকে আরো অনেকেই এসেছিল। সেই মহিলারা এই শেফালীকে চাকরির জন্য দেড় থেকে ২ লাখ টাকা দিয়েছিল বলে তারা দাবি করেন। অনুষ্ঠান চলাকালীন তারা ওই মহিলাকে দেখে নেয় এবং মারধর করেন। এরপর প্রতারিতরা শেফালী রায়কে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়।

প্রতারিতরা বলেন, শেফালী রায়কে আমরা টাকা দিয়েছিলাম রেলের চাকরির জন্য। চাকরি হয়নি, বারবার তার সাথে যোগাযোগ করা হলেও তিনি আমাদের সাথে কোনো সহযোগিতা করেনি। আজ তাকে এই অনুষ্ঠানে দেখতে পেয়েছি।

এই ব্যাপারে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সংগঠনের নেতাদের জিজ্ঞাসা করতে। ইউনিয়নের নেতারা কিছু না বলেই চলে যান। মহিলাকে মারতে মারতে ধরে নিয়ে গিয়ে খড়গপুর লোকাল থানার অন্তর্গত চৌরঙ্গী এলাকায় ওয়ান্ডার ইন হোটেলের বাথরুমে আটকে রাখে। পরবর্তীকালে পুলিশ পৌঁছে মহিলাকে বাথরুম থেকে উদ্ধার করে হোটেলের মালিকের ছেলে সহ যারা মারধর করেছে মহিলাকে তাদের আটক করে টাউন থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *