অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ জুন:
মাটিতে ছিঁড়ে পড়ে থাকা ১১০০০ হাজার ভোল্টের বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম এক মহিলা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধগাড়ি গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ, গতকাল সন্ধে বেলা সামান্য ঝড় বাতাসে ছিঁড়ে পড়ে ১১০০০ ভোল্টের বিদ্যুতের তার। তারপর গ্রামের বাসিন্দারা তা দেখতে পেলে তারা ফোন করে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের, কিন্তু ফোন করেও লাভ হয়নি। দীর্ঘক্ষণ পর্যন্ত বিদ্যুৎ থাকা অবস্থায় ওভাবেই মাটিতে পড়ে থাকে তারটি। আর তাতেই হয় বিপত্তি। এদিন ধগাড়ী গ্রামের বাসিন্দা সরস্বতী মাহাতো সহ দুই মহিলা কাজে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে তাদের অজান্তেই পা পড়ে যায় সরস্বতী মাহাতোর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পুড়ে যায় তার সারা শরীর। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কেন বারবার ফোন করার পরেও এলো না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা? কেন তারা এসে দেখলেন না বা বিদ্যুৎ থাকা অবস্থায় তার ছিঁড়ে পড়া সত্বেও কেনই বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন না। গোটা ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জমেছে এলাকার মানুষের। প্রশ্ন উঠছে এই বিপত্তি ঘটার পরেও কেন বিদ্যুৎ দফতরের কর্মীরা এখনো পৌঁছয়নি এলাকায়? তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা।

