জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ এপ্রিল: মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের ডুমুরকোটা গ্রামে হাতির হানায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম রাইমণি কিস্কু, বয়স আনুমানিক ৫৫ বছর।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার ভোরবেলা গ্রামবাসীদের সঙ্গে জঙ্গলে মহুল কুড়োতে গিয়ে রাইমণি একটি হাতির সামনে পড়ে যান। এর পরেই হাতিটি শুড়ে ধরে তাকে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা এবং গুড়গুড়িপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বনদপ্তরের আধিকারিকরা জানান।

