শ্রীরূপা চক্রবর্তী
আমাদের ভারত, ২ আগস্ট:
পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুড়ে মারলেন এক মহিলা। মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিয়ে গিয়েছিল ইডি। সেখান থেকে ফেরার পথে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মহিলা। ওই মহিলা জানিয়েছেন, তিনি জুতো মারতেই এসেছিলেন।
শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ানোর পর থেকেই তাঁর বিরুদ্ধে জনমানষে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আজ রাস্তায় তারই প্রতিফলন দেখা গেল বলে মনে করা হচ্ছে।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে যখন কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছিল তখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। অনেকেই বলেন, এই দেখে গা-টা কেমন করে উঠছে। সমালোচনায় মুখর হয়েছে বাঙালি। অফিসের ক্যান্টিন, সবজির বাজার বা পাড়ার চায়ের দোকানের আলোচনায় কান পাতলেই শোনা পার্থ চট্টোপাধ্যায়ের তুমুল সমালোচনা। কিন্তু প্রকাশ্যে সামনাসামনি প্রতিবাদে এই প্রথম।

যে মহিলা পার্থর দিকে জুতা ছুড়ে মেরেছেন তার নাম শুভ্রা ঘোড়ুই। তাঁর বাড়ি আমতলায়। জোকার রাস্তায় এমন একটি কান্ড ঘটানোর পর তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। শুভ্রা তাদের প্রশ্নের মুখে বলেন, ‘জুতোটা পার্থ চট্টোপাধ্যায়ের টাকে গিয়ে লাগলে শান্তি পেতাম।’

শুভ্রদেবী জানিয়েছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়কে জুতো মারার জন্যই এসেছিলেন। কারণ হিসেবে বলেন, গরিব মানুষের কোটি কোটি টাকা লুট করেছে। লুটের টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। তাকে জুতোই মারা উচিত। তাকে আবার এসি গাড়িতে করে হুইল চেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে? শুভ্রাদেবীর ছোড়া জুতোটা অবশ্য পার্থবাবুর গায়ে লাগেনি। গাড়ির সামনের কাচে লেগে পড়ে যায়। তবে তিনি জুতো আর কুড়িয়ে নেননি, প্রতিবাদস্বরূপ তিনি খালি পায়ে হেঁটে চলে যান।

