জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে চিকিত্সার সুযোগ করে দেওয়া হল মেদিনীপুর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা জানা নামে এক জটিল রোগাক্রান্ত মহিলাকে।

গত কয়েক মাস ধরে কৃষ্ণা জানা লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা করিয়ে একপ্রকার সর্বস্বান্ত হয়ে পড়েছিল তাঁর পরিবার। বিষয়টি জানতে পেরে এলাকার প্রাক্তন কাউন্সিলার মৌ রায় বিষয়টি মেদিনীপুর পৌরসভার সংশ্লিষ্ট আধিকারিককে জানালে দ্রুত ওই মহিলাকে একটি স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার আবেদন জানান। মৌ রায়ের আবেদনে সাড়া দিয়ে কৃষ্ণা দেবীর হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেন মেদিনীপুর পৌরসভার আধিকারিক মানোয়ারা বেগম ও সোমনাথ ব্যানার্জি। ‘স্বাস্থ্যসাথী’ কার্ড হাতে পেয়ে খুশি কৃষ্ণা জানা নতুন করে বাঁচার আশা দেখছেন এবং এজন্য ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর মৌ রায় সহ পৌরসভার আধিকারিকদের।
মৌ রায় জানান, অসহায় পরিবারের কাছে প্রকল্পটি দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আধিকারিকরা সাহায্য না করলে সম্ভব হত না।”

