আমাদের ভারত, আরামবাগ, ২ আগস্ট: ভুল করে অন্য ট্রেনে উঠ পড়ায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল এক মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আরামবাগ রেল স্টেশনে। গুরুতর আহত অবস্থায় আরপিএফ ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আহত মহিলার নাম কাজল বাগ, বাড়ি ঘাটাল থানার কুমড়া গ্রামে।
তার স্বামী শ্রীকান্ত বাগ জানান, আমার স্ত্রী এদিন ভোরবেলার বাড়ি থেকে বেরিয়ে আরামবাগ স্টেশনে ট্রেন ধরে হাওড়ায় ডাক্তার দেখাতে যাচ্ছিল। এরপর আমার স্ত্রী ভুল করে অন্য ট্রেনে উঠে পড়েছিল। পরে জানতে পারে ওই ট্রেনটি হাওড়া যাবে না গোঘাট যাবে। ওই সময় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয়। তারপর তাকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

