সুশান্ত ঘোষ, হাবড়া, ২৯ মে: রাজ্যজুড়ে করোনা মহামারী। অক্সিজেনের হাহাকারে মৃত্যুর মিছিল জেলায় জেলায়। এমত অবস্থায় করোনা আক্রান্তদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন আস্থা নামে একটি সংগঠনের সদস্যরা। উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকা জুড়ে তারা করোনা আক্রান্তদের অক্সিজেন সরবরাহ করছেন। কিভাবে পাওয়া যাচ্ছে এই অক্সিজেন?
সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তারা একটি হেল্প লাইন নম্বর চালু করেছেন। সেখানে ফোন করলে রোগীর অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়ে তাঁর বাড়িতে অক্সিজেন নিয়ে পৌঁছে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। যদিও এর বিনিময়ে কিছুই নিচ্ছেন না তারা। তবে মেনটেনেন্স খরচার জন্য যদি কোনও আক্রান্ত রোগী তা তার পরিবার স্ব-ইচ্ছায় তাদের সাহায্য করতে চান করতে পারেন।
২০২০ সালের করোনা কাল থেকে উত্তর ২৪ পরগণা অশোকনগরের “আস্থা” নামে এই সংগঠনের পথ চলা শুরু করে। সেই সময় তারা সাধারণত অসহায় মানুষদের মুখে অন্ন ও ওষুধ তুলে দেওয়ার কাজ করতেন। নতুন করে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় অশোকনগর এলাকায় অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রেই করোনা আক্রান্তদের অক্সিজেন পেতে নাজেহাল হতে হচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আস্থা অক্সিজেন সরবরাহ শুরু করে।

সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। অসময়ে সংগঠনের সদস্যদের কাছে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন করোনা আক্রান্তের পরিবাররা। দুহাত ভরে তাদের আশীর্বাদ করছেন। অক্সিজেনের পাশাপাশি প্রয়োজনমতো খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

