মেদিনীপুর স্টেশনের ওভারব্রিজে সন্তানের জন্ম দিলেন এক ভবঘুরে মহিলা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: মেদিনীপুর স্টেশনের রেলওয়ে ফুট ওভারব্রিজেই সন্তানের জন্ম দিলেন ভবঘুরে এক মহিলা। রবিবার দুপুর আড়াইটে নাগাদ তিনি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন বলে রেল কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে। এই মুহূর্তে মা ও সন্তান দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের এএন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে।

জানা গেছে, আজ অর্থাৎ রবিবার দুপুর আড়াইটে নাগাদ মেদিনীপুর স্টেশন থেকে গোমো প্যাসেঞ্জার ধরে শালবনীর দিকে যাওয়ার জন্য ফুট ওভারব্রিজ দিয়ে নিচে নামছিলেন, সেই সময়ই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। এরপর রেল পুলিশের তৎপরতায় ফুট ওভারব্রিজেই তিনি সন্তান প্রসব করেন। খবর পেয়ে একে একে পৌঁছন শহর মেদিনীপুরের সমাজকর্মীদের মধ্যে অন্যতম মুস্তাফিজুর রহমান, কৌশিক কঁচ, পারমিতা মণ্ডল, দেবরাজ চক্রবর্তি প্রমুখ। রেল কর্তৃপক্ষের সহায়তায় ডাকা হয় অ্যাম্বুলেন্স। তারপর মুস্তাফিজুর, কৌশিক-রাই তাঁকে নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন। তাকে ভর্তি করা হয় হাসপাতালের এএন ওয়ার্ডে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বছর ৪০-এর মহিলার নাম বুবু বেজ। তিনি প্রায় ২ কেজি ৬০০ গ্রাম ওজনের সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এও জানা যায়, চন্দ্রকোনা রোডের স্টেশন সংলগ্ন বস্তিতে (জল ট্যাঙ্কের পাশে) থাকেন বুবু। সেখানেই যাচ্ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *