পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙন ঘাসফুলে, বীরভূমের শীতলগ্রামে কংগ্রেসে যোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

আশিস মণ্ডল, রামপুরহাট, ৮ এপ্রিল: মুর্শিদাবাদের সাগরদিঘিতে কংগ্রেসের জয়ে ভাঙন শুরু তৃণমূলে। সাগরদিঘির সীমান্ত এলাকা বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রামে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত সদস্য। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ।

তাইজুদ্দিন মণ্ডল ওরফে মধু দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুবার কংগ্রেসের টিকিট জিতে শীতলগ্রাম পঞ্চায়েতের প্রধান হন। ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। গত পঞ্চায়েত নির্বাচনে ওই ব্লকে বিরোধীদের মনোনয়ন জমা করতে দেয়নি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয় তৃণমূল। অভিযোগ, ক্ষমতায় এলেও এলাকার কোনো উন্নয়ন হয়নি গত পাঁচ বছরে। সেই কারণেই নিজের পুরনো দলে ফিরলেন মধু। তিনি বলেন, “গত নির্বাচনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছিলেন। ভোট করতে দেওয়া হয়নি। পঞ্চায়েতে জিতে এসে কোনো কাজ করতে পারিনি। সেই আক্ষেপে পুরনো দল কংগ্রেসে ফিরলাম”।

মিল্টন রশিদ বলেন, “মধু আমাদের সঙ্গেই ছিল। এদিন তৃণমূলের বহু কর্মী নিয়ে তিনি আমাদের দলে ফিরে এলেন। আমরা অধীর চৌধুরীর অনুমতি নিয়ে তাদের দলে গ্রহণ করলাম”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *