মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয়ের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২ অক্টোবর: ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সোমবার ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয়ের উদ্যোগে আয়োজিত হল গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের একটি মহতিপূর্ণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সংগ্রহালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় গান্ধী স্মারক বক্তৃতা। এই বছর ২৪তম মহাত্মা গান্ধী স্মারক বক্তৃতা প্রদান করার জন্য সংগ্রহালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ড: অভ্র ঘোষ মহাশয়কে। অধ্যাপক ঘোষ প্রাবন্ধিক হিসেবেও সুপরিচিত। বিভিন্ন গ্রন্থ রচনা ও সম্পাদনা ছাড়াও তিনি গ্রন্থ সমালোচনার পত্রিকা ‘বিতর্কিকা’-র অন্যতম সম্পাদক এবং ‘পরিচয়’ পত্রিকার বর্তমান সম্পাদক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম-দ্বিশতবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ তাঁকে বিদ্যাসাগর-সম্মানে ভূষিত করে।

এদিনের স্মারক বক্তৃতায় অধ্যাপক ঘোষের বক্তব্যের মাধ্যমে সমাজের সর্বস্তরে গান্ধী ভাবনার প্রাসঙ্গিকতার বিষয়টি বিশেষভাবে বিশেষভাবে উল্লেখিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানটিতে অন্যান্য বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ড: মমতা কানসে, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর।

সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গান্ধী স্মারক সংগ্রহালয়ের পরিচালন সমিতির সভাপতি নারায়ণ বসু। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন সংগ্রহালয়ের অধিকর্তা-সম্পাদক ড: প্রতীক ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনের মাধ্যমে গান্ধীজির এবছরের ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপনের সন্ধিক্ষণে আলোচনা প্রসঙ্গে ব্যক্ত হল যে গান্ধীজির আদর্শ, শিক্ষা, আজও দেশের প্রতিটি নীতির ক্ষেত্রে অতিবমাত্রায় প্রাসঙ্গিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *