প্রেমের করুণ পরিণতি, খড়গপুরের ভালুকমাচার জঙ্গলে কবর থেকে উদ্ধার হল প্রেমিকার দেহ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: প্রেমের টানে যুবক যুবতী দুজনেই নিজেদের ঘর সংসার ছেড়ে এসে বসবাস করতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকাকে খুন করার অভিযোগ উঠলো প্রেমিকের বিরুদ্ধে। ছ’বছর পর মঙ্গলবার দুপুরে প্রেমিকার দেহ জঙ্গলের একটি কবর থেকে উদ্ধার করল পুলিশ। অভিযোগ প্রেমিক যুবক ওই যুবতীকে খুন করে পুঁতে দিয়েছিল গ্রামের পাশের জঙ্গলে। যুবককে আটক করে তদন্ত শুরু করল খড়্গপুর গ্রামীন থানার পুলিশ। মৃতার নাম পবিত্রা সিং (৩২)। ধৃত যুবক তরুণ সিং। ঘটনাটি খড়্গপুরের ভালুকমাচা এলাকায়।

সোমবার দুপুর নাগাদ বছর ৪২-এর তরুণ সিং- এর প্রেমিকা বা লিভইন পার্টনার বছর ৩২-এর পবিত্রা সিং’য়ের ‘রহস্য মৃত্যু’র ঘটনা এলাকাবাসীদের সামনে আসে। মঙ্গলবার, ওই গ্রামে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্ত সহ সমস্ত ধরনের পুলিশি তদন্ত শুরু হয়েছে। 


 
স্থানীয় বাসিন্দা সোহানি সিং বলেন, “তরুণ নামে ওই প্রেমিক এলাকাবাসীদের মধ্যে কয়েকজনের বাড়িতে গিয়ে সোমবার জানায়, পবিত্রা’র মৃত্যু হয়েছে। দাহ করতে হবে। এলাকাবাসীরা জানান, এখন তাঁরা চাষের কাজে ব্যস্ত, কিছুক্ষণ দেরি হবে। অভিযোগ, এর মধ্যেই পবিত্রাকে নিজেদের ‘কুঁড়ে ঘর’ থেকে কিছুটা দূরে,‌ মাঝ জঙ্গলে গর্ত খুঁড়ে পুঁতে দেয় তরুণ। আমাদের সন্দেহ পবিত্রা অসুস্থ ছিল। তার উপর তাকে মারধর করে খুন করে দিয়েছে ওই যুবক। পরে নিজেই পুঁতে দিয়েছে।”সোমবার বিকেলে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্তের পর তরুণ সিং-কে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে। 
 
গ্রামবাসীরা জানান, দু’জনেই নিজেদের স্বামী, স্ত্রী ও সন্তানদের ছেড়ে একসাথে ঘর বাঁধতে চেয়েছিল। তরুণের স্ত্রী ও সন্তানরা এই ভালুকমাচা গ্রামেই থাকে। পবিত্রা’র ক্ষেত্রেও তাই। তবে, প্রেমের টানে সেইসব তারা পরিত্যাগ করে মাসখানেকের জন্য বাইরে পালিয়ে গিয়েছিল। তারপর, ফিরে আসে গ্রামে। এরপরই, গ্রামের পাশেই কিছুটা জঙ্গল সংলগ্ন নিরিবিলি এলাকায় মাটি, বাঁশ দিয়ে ‘কুঁড়ে ঘর’ তৈরি করে বসবাস শুরু করেছিল। তবে, কয়েক বছর পরই সঙ্গিনীর উপর অত্যাচার শুরু করে তরুণ। গ্রামবাসীরা একযোগে জানিয়েছেন, তাঁরাও সেইসব শারীরিক অত্যাচারের সাক্ষী আছেন। মদ্যপ অবস্থায় অকথ্য অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। আর এভাবেই সোমবারও মদ্যপ অবস্থায় অত্যাচার চালাতে গিয়েই তরুণ তার সঙ্গিনীকে মেরে ফেলে বলে অভিযোগ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *