অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ জুলাই: আবারও হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বাঁদরভোলা বিটের কেউদিশোল এলাকায়। বনদফতর সুত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম দেবেন আগরওয়াল (২৪)। বাড়ি কলকাতার হরিশ্চন্দ্র মুখ্যার্জি রোডে।
বনদফতর ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে কলকাতা থেকে ঝাড়গ্রামে ঘুরতে এসে জিতুশোল এলাকার একটি হোটেলে ওঠেন। এরপর ওখান থেকে জঙ্গলমহলের বিভিন্ন পর্যটনস্থলগুলি ঘুরে দেখেন। এদিন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পান এলাকায় হাতি রয়েছে। এই খবর জানার পর হাতি দেখার জন্য কেউদিশোল এলাকায় গিয়েছিলেন সেখানেই হাতির সামনে পড়ে গেলে শুঁড়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

