জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ মে: সোমবার রাতে নিউ দিঘায় একটি হোটেলের ব্যালকনি থেকে পড়ে আব্দুল আলিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের বাড়ি নিউ ব্যারাকপুর থানার বদাইয়ে। পেশায় কারখানার শ্রমিক আলিম শুক্রবার কয়েকজন পড়ুয়া সহ মোট ১৩ জন বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে আসেন। নিউ দিঘার একটি হোটেলে উঠেছিল তারা।
মৃতের বন্ধু আশিক, বাবুসোনা, মহিম ও শোয়েব জানান, রাতের খাবার খেয়ে আমরা সকলেই ঘুমিয়ে পড়েছিলাম। তার মধ্যেই কখন কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে পারিনি। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ সূর্যোদয় দেখতে সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য সকলেই উঠে পড়ি। আলিমকে ডাকতে গিয়ে দেখি ও ঘরে নেই। খোঁজাখুঁজির পর তাকে নীচে পড়ে থাকতে দেখা যায়। দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নিউ দিঘা থানার পুলিশ।

