অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ মার্চ: মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন এক তৃণমূল কর্মী। উল্লেখ্য, বুধবার ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভায় নির্বাচনী প্রচারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা হয় গোপীবল্লভপুরের বাহারুনা মাঠে এবং দ্বিতীয় সভা হয় লালগড়ে। প্রথম সভায় যাওয়ার পথে গুরুতর আহত হন ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম দীপঙ্কর দন্ডপাট (২৭)। বাড়ি গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রামে থেকে বাসের উপরে বসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছিলেন। সভায় পৌছানোর আগেই জামুয়া এলাকায় ১১ হাজার হাইভোল্টেজ তারে লেগে যায় তার গলা। ঘটনায় গুরুতর জখম হন তিনি। বাসে থাকা তৃণমূল কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে তপশিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে বক্তব্য রাখা কালীন সেই আহত ব্যক্তিকে দেখতে যান তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন পাত্র।

