চাকুলিয়ায় নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক কিশোর

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ সেপ্টেম্বর: নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক কিশোর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজ ওই কিশোরের নাম দিলচান ঋষি, আনুমানিক বয়স ১৬ বছর। নিখোঁজ কিশোরের উদ্ধারের জন্য ডিএমজি (D.M.G) বিপর্যয় মোকাবিলার একটি দল নামানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কাতলা এলাকার সুধানি নদীতে।

স্হানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চার বন্ধু মিলে কাতলা সুধানি নদীতে স্নান করতে যায়। নদী পারাপারের সময় দুই বন্ধু নদী পার হয়ে গেলেও ওই কিশোর পার হতে পারেনি। ওই কিশোরকে বাঁচাতে তার বন্ধুরা নদীতে ঝাঁপ দিয়ে চেষ্টা করলেও সম্ভব হয়নি। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ নদীতে খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়া হয় চাকুলিয়া থানার পুলিশকে। পুলিশ ও এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজির পরেও ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বুধবার সকালে চাকুলিয়া থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলার একটি দল খোঁজ শুরু করেছে। এখনো ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *