স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ জানুয়ারি: বাস ধরতে আসা এক শিক্ষিকাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছে থাকা বেশ কিছু সামগ্রী ছিনতাইয়ের ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরে। মঙ্গলবার সকালে ডালখোলা বাইপাস এলাকার এই ঘটনার জেরে আবারও শহরের মধ্যে দিয়ে সমস্ত বাস চালানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে ডালখোলার বাসিন্দা তথা মালদার এক স্কুলের শিক্ষিকা শ্রেয়া সিনহা কর্মস্থলে যাওয়ার জন্য মহম্মদপুরের কাছে ডালখোলা বাইপাস এলাকায় বাস ধরতে যান। তাকে বাসে তুলে দিতে সাথে এসেছিলেন তার বাবা পেশায় প্রাক্তন সরকারি কর্মচারী দিলীপ সিনহা। সেই সময় হঠাৎই একটি বাইকে থাকা মুখ ঢাকা তিন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। ওই তিন দুষ্কৃতির মধ্যে একজন ওই শিক্ষিকার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয়। এর পাশাপাশি শিক্ষিকার সাথে থাকা মোবাইল ফোন, টাকা সমেত ব্যাগ এবং তার বাবার মোবাইল ফোন, পকেটে থাকা টাকা ছিনিয়ে চম্পট দেয়। ফাঁকা বাইপাস এলাকায় এই ধরনের ঘটনায় শিক্ষিকা সহ তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে যাত্রী সুরক্ষা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে ডালখোলা থানার পুলিশ। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। বাইপাসের বদলে শহরের মধ্য দিয়ে সমস্ত বাস চলাচলের দাবিতে সরব হয়েছে তারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

