কৃষ্ণনগরে ভোটের প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২২ ফেব্রুয়ারি:
শিয়্রেরে ভোট। ইতিমধ্যেই ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আর ভোটের সেই প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় নিহত হলেন এক শিক্ষক। নিহতের নাম মনোজ ঘোষ(৪২)। এই ঘটনা কৃষ্ণনগরের।

সূত্রের খবর, পারুলিয়ার বাসিন্দা মনোজ ঘোষ পেশায় শিক্ষক। তিনি ছোট আন্দুলিয়া স্কুলের অংকের শিক্ষক। তার এক ছেলে, এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে কৃষ্ণনগর দইয়ের বাজার পারুলিয়ায় থাকতেন। ছেলের বয়স মাত্র এক বছর, আর মেয়ের বয়স ১২ বছর। রবিবার তিনি ভোটের প্রশিক্ষণ নিতে এসেছিলেন কৃষ্ণনগর উইমেন্স কলেজে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তিনি বাড়ি যাচ্ছিলেন। কৃষ্ণনগর কালেক্টর মোড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ঐ শিক্ষকের। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় শক্তিনগর হাসপাতালে, সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন। বলেন, এখন এই বাচ্চা দুটোর কি হবে? পরিবারের রোজগেরে ছিলেন একমাত্র ওনার স্বামী। এখন তিনি কিভাবে বাঁচবেন? তার স্বামীর মৃত্যুতে দুটো বাচ্চা নিয়ে তিনি অথৈ জলে পড়ে গেছেন। এখন যদি রাজ্য সরকার তাকে একটি চাকরি দেয় তাহলে তিনি তার পরিবার নিয়ে খেয়ে পড়ে বাঁচবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *