রাজনৈতিক দলগুলোর প্রতীক চিহ্নের আকারে স্পেশাল মিষ্টি নিয়ে হাজির কালিয়াগঞ্জের এক মিষ্টি বিক্রেতা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম বাংলার ভোটের ময়দানে এবার রাজনৈতিক দলগুলোর প্রতীক চিহ্নের আকারে স্পেশাল মিষ্টি নিয়ে হাজির হলেন কালিয়াগঞ্জের এক মিষ্টান্ন বিক্রেতা। রয়েছে জিভে জল আনা রকমারি মিষ্টির সম্ভার। তৃণমূলের ঘাস ফুল, বিজেপির পদ্মফুল, কংগ্রেসের হাত, সিপিএমের প্রতীক চিহ্নের মিষ্টি বানিয়ে নজর কাড়লেন সাধারণ মানুষের।

উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জ রাজ্য সড়কের ধারেই রয়েছে রাজীব ঘোষ নামে ওই বিক্রেতার মিষ্টির দোকান। প্রচারে অংশ নেওয়া বিভিন্ন দলের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই তার দোকানের মিষ্টি খেয়ে বেশ সুনাম করেছেন। মিষ্টি খেতে ভিড়ও করেছেন অনেকে। প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছেন তিনি। তার দোকানের রকমারি মিষ্টির সম্ভার জনগণের নজরে আনতে প্রচারে কোনো খামতি রাখছেন না রাজীববাবু। প্রতিটি মিষ্টির দাম রেখেছেন ১০টা করে।

অন্যদিকে নিত্যনৈমিত্তিক রসগোল্লা, গোলাম জামুন, কিংবা কালো জাম খেয়ে অভ্যস্ত সাধারণ মানুষের বক্তব্য, এই ধরনের মিষ্টি আগে দেখা যায়নি। স্বাদেও বেশ। ফলে রাজীববাবুর দোকানের মিষ্টি সাড়া ফেলেছে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *