গাইঘাটায় টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে হাত মুখ বেঁধে ধর্ষণ, পলাতক যুবক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১৩ জুলাই: টিউশন পড়ে বাড়ি ফেরার পথে জোড় করে পাট ক্ষেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার রাজাপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম স্বপন সরকার। সে রাজপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা একাদশ শ্রেণির ছাত্রী সোমবার রাতে টিউশান পড়ে সাইকেল চালিয়ে রাত ন’টা নাগাদ বাড়ি ফিরছিল। বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠের পাশে ওই ছাত্রীর সাইকেল আটকে দেয় স্বপন। এরপর ছাত্রীর কাছে ফোন নম্বর চায়। সে ফোন নম্বর দিতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর হাত ধরে জোড় করে পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে মুখে রুমাল দিয়ে বেঁধে মারধর করে ধর্ষণ করে বলে অভিযোগ। ওইদিন রাতে বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। তাঁর মা জিজ্ঞাসা করতেই সে ঘটনার কথা খুলে বলে।

নির্যাতিতার মায়ের অভিযোগ, অভিযুক্ত যুবকের সঙ্গে আগে কখনও মেয়ের যোগাযোগ ছিল না। অভিযুক্ত যুবকের বাড়ি পার্শ্ববর্তী গ্রামে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করে মঙ্গলবার রাতে গাইঘাটা থানার দ্বারস্থ হয় ওই ছাত্রীর পরিবার। ঘটনার খবর পেয়ে ওই নির্যাতিতার বাড়ি যায় তৃণমূল ও বিজেপির নেতা কর্মীরা। তাদের দুই পক্ষের দাবি, অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *