আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ এপ্রিল: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ভাটপাড়া পুরসভার ৩ নং ওয়ার্ডের কালী মন্দির গঙ্গার ঘাটে সোমবার দুপুরে স্নান করতে নামে নির্মাল্য মুখার্জি, নামে ২৩ বছরের এক যুবক। এরপর গঙ্গায় তলিয়ে যায় যাদবপুর ইউনিভার্সিটির ওই পড়ুয়া।
জানা গিয়েছে, ৬৭ নম্বর ঘোষপাড়া রোড সূর্য নারায়ণ এপার্টমেন্টের বাসিন্দা নির্মল কুমার মুখোপাধ্যায়ের পুত্র নির্মাল্য সাড়ে বারোটা নাগাদ বাড়ি থেকে বের হয় গঙ্গা স্নান করার জন্য। তারপর দুপুর ১২ টা ৪০ মিনিট নাগাদ গঙ্গায় স্নান করতে আসে নির্মাল্য ও তার বাল্য বয়সের বন্ধু। যদিও বন্ধু সাঁতার না জানায় গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিল। নির্মাল্য গঙ্গায় নামার সময় তার পা আচমকা পিছলে যায়। সঙ্গে সঙ্গে সে তলিয়ে যেতে থাকে। তা দেখে তার বন্ধু চিৎকার-চেঁচামেচি করার পর গঙ্গার ঘাটে বসে থাকা অপর এক যুবক গঙ্গায় ঝাঁপ মেরে তাকে বাঁচানোর চেষ্টা করলেও তাকে গঙ্গা থেকে তোলা যায়নি।
নির্মাল্য গঙ্গায় তলিয়ে গিয়েছে বলে খবর পৌঁছায় ভাটপাড়া থানায়। তারপর ভাটপাড়া থানার উদ্যোগে আজ সকাল থেকেই ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি বিশেষ দল আসে এবং তাদের কালী মন্দিরের গঙ্গার ঘাটে নামানো হয় নিখোঁজ যুবকের খোঁজ চালাতে। তারা স্পিডবোট নিয়ে গঙ্গার এক প্রান্ত থেকে অপর প্রান্ত খুঁজলেও সন্ধ্যা পর্যন্ত নির্মাল্যকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুখোপাধ্যায় পরিবারে।

