আমাদের ভারত, নদিয়া, ২ নভেম্বর: রক্ষাকালী পুজোর জল ভরতে গিয়ে নদীতে পা ফসকে পড়ে জলে ডুবে মৃত্যু স্কুল ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার শিবপুরে। মৃত স্কুল ছাত্রের নাম শুভজিৎ ঘোষ ১৫। সে শিবপুর হাই স্কুলে নবম শ্রেণির ছাত্র।

বাবা জয়ন্ত ঘোষের সাথে আজ শিবপুর নদীতে জল ভরতে যায় রক্ষা কালী মন্দিরের পুজো উপলক্ষ্যে। সেই সময় আচমকাই পা ফসকে জলে পড়ে যায় শুভজিত। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তাকে একটু দূরে জল থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে স্থানীয়রা বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

