ইউপিএসসি’র জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠল পুরুলিয়ার বিশ্ববিদ্যালয়ে

সাথী দাস, পুরুলিয়া, ১৪ জুলাই: ইউপিএসসি’র জন্য বিশেষ প্রশিক্ষণ এবার জেলাতেই নিতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। পুরুলিয়া জেলার জন্য বিশেষ ধরনের এই প্রশিক্ষণ কেন্দ্র শুরু হতে চলেছে। পুরুলিয়ার সিধো কানহো বিরশা বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হচ্ছে এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র।

উপাচার্য দীপক কুমার কর বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের “সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার” এর মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। যারা সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক তারা পোর্টালের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে এখানে যোগ দিতে পারেন।” এজন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের দিকে নজর রাখার জন্য বলেন তিনি। আপাতত পঞ্চাশ জন প্রার্থী এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। সপ্তাহের শেষে এবং ছুটির দিনে এখানে ক্লাস হবে বলে জানান তিনি। স্টাডি মেটিরিয়াল এবং মক টেস্ট সহ ইন্টারভিউ সব কিছুই থাকবে প্রার্থীদের জন্য।

এই প্রশিক্ষণ ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে বলেও জানান তিনি। কেন্দ্রীয় স্তরে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যের সাফল্যের হার উৎসাহজনক নয়। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি জেলাতেই ইউপিএসসি সিভিল সার্ভিস সহ উচ্চ স্তরের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্যের হার বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *