জন্মদিনে আনন্দ উৎসব না করে পরিবেশকে বাঁচাতে গাছ লাগালেন এক সমাজসেবী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ সেপ্টেম্বর: জন্মদিনে আনন্দ-উৎসব না করে পরিবেশকে বাঁচাতে গাছ লাগালেন এক সমাজসেবী। প্রায় ৪৫টা গাছ লাগিয়েছেন তিনি বিভিন্ন রাস্তার ধারে। নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা।

করোনা আবহে চলছে সামাজিক দূরত্ব। তাই জন্মদিনে বাড়িতে এবার অনুষ্ঠানও বন্ধ। জন্মদিনে আনন্দ-উৎসব না করে তাই পরিবেশকে বাঁচাতে গাছ লাগালেন কৃষ্ণগঞ্জের সমাজসেবী পাপিয়া কর। আজকে তার ৩৫ তম জন্মদিন। জন্মদিনে পাপিয়া কর জানান, আমফানে প্রচুর গাছের ক্ষয়ক্ষতি হয়েছে। যা এককথায় অপূরণীয়। আমি হয়তো এই কয়েকটা গাছ লাগিয়ে কোনও ভাবেই তা পূরণ করতে পারব না কিন্তু আমরা জানি একটা গাছ একটা প্রাণ। সেই হিসেবে আজকে আমি কৃষ্ণগঞ্জের বিভিন্ন রাস্তার ধারে ৪৫ টা গাছ লাগিয়েছি। আজকের দিনে আমার ছেলে, আমার বন্ধুবান্ধব আমাকে গাছ উপহার দিয়েছে। পাশাপাশি এই জন্মদিনকে স্মরণীয় করতে কোভিড ১৯ এ যারা সবচেয়ে বড় যোদ্ধা, যেসব পুলিশ কর্তারা রয়েছেন যারা পরিবারের কথা না ভেবে আমাদের জন্য ২৪ ঘন্টা লড়াই করে যাচ্ছেন তাদেরকে আজকের দিনে গাছ দিয়ে সংবর্ধিত করতে পেরেছি।

কৃষ্ণগঞ্জ থানার পুলিশ জন্মদিনে তার এই কর্মকাণ্ডকে প্রশংসনীয় বলেছেন। পাশাপাশি তিনি ভাল থাকুক এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *