গোপালনগরে ৪৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক পাচারকারী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ আগস্ট: ৫০ কেজি গাঁজা সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার মুড়িঘাটা এলাকা থেকে আটক করা হয় একটি টোটো। পুলিশ জানিয়েছে, ধৃত মাদক পাচারকারীর নাম শংকর পান্ডে। নদিয়ার চাকদা থানার চাপাতলা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, প্রতিদিনের মতো মুড়িঘাটা এলাকায় নাকা চেকিং চলছিল পুলিশের। সন্ধে নামতেই গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে। এরপর পুলিশের একটি দল মুড়িঘাটা ব্রিজ চত্বরে তল্লাশি চালানোর সময় সন্দেহ জনক একটি টোটো চালককে আটক করে। তল্লাশি চালাতেই দেখা যায় প্লাস্টিকে মোড়া এক বস্তা গাঁজা। এরপর ওই পাচারকারীকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, যে ওই গাঁজাগুলো চাকদহ থেকে পেট্রাপোল সীমান্তের দিকে বাংলাদেশে পাচার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। তল্লাশি করে তার টোটো থেকে উদ্ধার হয় ৪৮ কিলো ২৪০ গ্রাম গাঁজা। সোমবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *