জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট:
পটচিত্রের পীঠস্থান বলা হয় পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামকে। শুধু জেলা বা রাজ্যের ঐতিহ্য নয়, নয়া গ্রাম এখন দেশ বিদেশেও পরিচিত। পটচিত্র ইস্টার্ন জেনারেল কালচারাল সেন্টারের সহযোগিতায় বেঙ্গল পটচিত্র পেন্টিং ওয়ার্কশপ নামে ছয়দিন ব্যাপী এক পটচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, এসডিপিও ও পিংলা এলাকার বিডিও সহ অন্যান্যরা।

দেশ ও বিদেশের দরবারে গ্রামবাংলার পৌরাণিক কাহিনি এবং দৈনন্দিন জীবনের সুখ দুঃখের নানা বিষয় এই পটচিত্রে মাধ্যমে তুলে ধরা হয়। বর্তমানে শুধুমাত্র পটের ওপরে অঙ্কন করা হয় তা নয় এখন চায়ের কাপ, কেটলি, ট্রে এমনকি পরিধেয় বস্ত্রের ওপরেও এই পটচিত্র অঙ্কন করে থাকেন পট শিল্পীরা। হিন্দু পুরাণ ও পৌরাণিক সংস্কৃতির বিভিন্ন দিক রংতুলির মাধ্যমে পট সহযোগে বাঁচিয়ে রেখেছে তারা। রবিবার উদ্বোধন করা এই পটচিত্র প্রদর্শনীর মাধ্যমে এলাকার বাসিন্দারা পুরাতত্ত্ব এবং বাস্তব জীবনের প্রতিচ্ছবি দেখতে পাবেন আগামী ছয় দিন ধরে।ওয়ার্কশপে অংশ নিয়েছেন ২৬০ জন শিল্পী। অনুষ্ঠানে মানস ভূইয়া পটশিল্পে যুক্ত একজনের পরিবারের হাতে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ টাকা তুলে দেন।

