স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ আগস্ট: সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবা, মা ও বড় দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার জেলা চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বিলাতি বাড়ি এলাকায়। মৃত ওই যুবকের নাম সমীর বালা (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২২ দিন আগে সম্পত্তি নিয়ে রাতে সমীর ও তার দাদার মধ্যে বচসা বাঁধে। তারপর থেকে সমীর বালাকে আর গ্রামে দেখা যায়নি। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে গত শুক্রবার গ্রামবাসীরা সমীরের বাবা মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গ্রামবাসীদের সন্দেহ হলে চোপড়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে সমীরের বাবা, মা ও বড় দাদাকে থানায় আটক করে নিয়ে আসে।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সূত্র ধরে সোমবার পুলিশ সমীরের বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে মাটির তলা থেকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, পারিবারিক গন্ডোগোলের জেরে লাঠি দিয়ে মেরে বাড়ি থেকে কিছু দূরে মাটিতে পুঁতে রেখেছিল। দেহউদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় বাবা হরসিত বালা, মা সবিতা বালা ও বড়দা খোকন বালাকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

