সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ জানুয়ারি: নারকেল পাড়তে গাছে উঠে অসুস্থ হয়ে পড়লেন এক গাছি। প্রায় এক ঘন্টার চেষ্টায় গাছ থেকে উদ্ধার করে তাকে নীচে নামালো দমকল বাহিনীর দল। মঙ্গলাবার ঘাটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার নাইগাছি এলাকায়। অসুস্থ গাছিকে সুস্থ করতে তৎপর দমকল বাহিনী ও গ্রামবাসী।
দমকল বাহিনীর আধিকারিক জানিয়েছেন, অসুস্থ ব্যক্তির নাম সিকান্দার গোলদার (৫২)। ঝনঝনিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রের খবর, সিকান্দার গোলদার নামে ওই গাছি নাইগাছি এলাকার পার্থ চক্রবর্তীর বাড়িতে নারকেল গাছের ডাব পাড়তে ওঠেছিলেন। দীর্ঘক্ষণ সে গাছের উপরে থাকায় বাড়ির লোকজনদের সন্দেহ হয়। নিচ থেকে তাঁকে বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকি করেন পার্থবাবুর পরিবার। তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় আধঘণ্টা পর বড় নারকেল গাছের উপর থেকে সিকান্দার মন্ডল জানায় সে গাছ থেকে নামতে পারছে না। তাঁর কথা শুনে বাড়ির লোকজন বুঝতে পারেন সে অসুস্থ হয়ে পরেছে। তড়িঘড়ি পার্থবাবু খবর দেয় গাইঘাটা থানা সহ দমকল দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও গাইঘাটা থানার পুলিশ। দমকল বাহিনী প্রায় একঘন্টার প্রচেষ্টায় ওই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে আনা সম্ভবপর হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এলাকাবাসীরা জানিয়েছে, প্রায় ২০ বছর ধরে নারকেল পাড়ার কাজ করেন সিকান্দার। এই ঘটনা এই এলাকায় আগে কখনও ঘটেনি। তবে দমকল বাহিনীর দলের কারণে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল তারা। এছাড়া প্রাণে বাঁচলো এক ব্যক্তি।

দমকল বাহিনীর আধিকারিক সৌরভ বিশ্বাস বলেন, গাছে উঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিকান্দারবাবু। খুব তাড়াতাড়ি এতো বড় গাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাঁর চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

