পুরুলিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় প্রাণ গেল অসুস্থ শিশুর, অভিযোগ পরিবারের

সাথী দাস, পুরুলিয়া, ২৩ আগস্ট: বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠল পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ গত রাতে শিশুটির বিষয়ে বার বার নার্সিং স্টাফদের জানানো হলে তারা বলেন, “আমরা এখন ঘুমাচ্ছি”। ঘটনার প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেছেন মৃত শিশুর পরিবারের সদস্যরা।

গত সোমবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নিজের পাঁচ বছরের পুত্র সন্তান শিবম কুমারকে ভর্তি করান পুরুলিয়ার টামনা থানার কোটলই গ্রামের বাসিন্দা রাজীব কুমার। তাঁর অভিযোগ, ভর্তির পর শারীরিক সমস্যা নিয়ে যন্ত্রনায় হাসপাতালের বিছানায় ছটপট করছিল ছোট্ট শিশুটি। সমস্যা নিয়ে বার বার ওয়ার্ডে বলা হলেও কোনো চিকিৎসক আসেননি বলে দাবি পরিবারের। অবশেষে মঙ্গলবার ভোরে বিনা চিকিৎসায় মৃত্যু হয় ওই শিশুটির বলে অভিযোগ। এই ঘটনায় শোকে ভেঙ্গে পড়েন শিশুটির পরিজনরা।

হাসপাতালের এমএসভিপি ডা: সুকোমল বিষয়ী বলেন, “ঘটনার তদন্ত করা হচ্ছে।অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *