ফুলিয়ায় বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল সাত মাসের এক শিশু কন্যার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ আগস্ট:
বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল সাত মাসের এক শিশু কন্যার। মৃত ওই শিশুর নাম জান্নাত মন্ডল। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া পাড়া এলাকার বাসিন্দারা।

জানা গেছে, ফুলিয়া পাড়ার বাসিন্দা সাবের মন্ডল প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া করে স্ত্রী এবং ওই শিশু কন্যা নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে হঠাৎ বাচ্চাটি প্রচণ্ড চিৎকার করে কান্না শুরু করে। এর পর ঘরের আলো জ্বালাতে ওই শিশুকন্যার পাশে একটি কালাচ সাপ শুয়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ বাচ্চাটি বমি করতে শুরু করে। এর পরেই তড়িঘড়ি স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা ঐ বাচ্চাটাকে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই শিশুর শারীরিক অবস্থা অবনতি দেখে চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।

আজ সকালে শক্তিনগর জেলা হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে ওই পরিবারের সদস্য সহ প্রতিবেশীর। স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই এখানে জল জমে যায় যে কারনেই এই সাপ এবং পোকামাকড়ের উৎপাত বেশি। এছাড়া বর্ষাকালে বিভিন্ন আগাছা ভর্তি হয়ে থাকার কারণে তারা আতঙ্কে বসবাস করেন। স্থানীয়রা চাইছেন পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়ে সব সময় এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেকটা সুবিধা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *