১৮ টি রাজ্যের ২১০ জন প্রতিনিধি নিয়ে মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা কলেজে শুরু হল সাতদিনের রাষ্ট্রীয় একতা শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মে:
মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে বুধবার থেকে শুরু হল জাতীয় সেবা প্রকল্প রাষ্ট্রীয় একতা শিবির। ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর, এনএসএস’এর কলাকাতার রিজিওনাল ডাইরেক্টোরেট ও রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (অটোনোমাস)- এর যৌথ উদ্যোগে আয়োজিত আবাসিক সাতদিনের এই এনএসএস রাষ্ট্রীয় একতা শিবিরে পশ্চিমবঙ্গ সহ ভারতের আঠারোটি রাজ্যের ২১০ জন স্বেচ্ছাসেবক ছাত্র-ছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকা ও আধিকারিকরা যোগ দিয়েছেন।

ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষ্যে এবারের শিবিরের মূল থিম “আজাদী কা অমৃত মহোৎসব”। বুধবার বিকেলে এই শিবিরের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা অনুরাধা মুখোপাধ্যায়, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মু্র্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পান্ডা ও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

সাতদিনের এই একতা শিবিরে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা ক্রীড়া, সাংস্কৃতিক কর্মসূচি ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ভারতের বিভিন্নতার মধ্যে ঐক্য সুরকে পাথেয় করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা মহিলা মহাবিদ্যালয় ও সংশ্লিষ্ট সকলের মধ্য সাজো সাজো রব। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা জয়শ্রী লাহা, এনএসএস’এর কলকাতার রিজিওনাল অফিসার বিনয় কুমার, এনএসএস’এর প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা দেবযানী মুখার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *