ব্যারাকপুর স্টেডিয়ামকে করা হবে সেমি কোভিড হাসপাতাল

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৮ মে:
উত্তর ২৪ পরগনা জুড়ে যেভাবে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে সেই কথা মাথায় রেখে বারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামকে ২০০ শয্যা বিশিষ্ট সেমি কোভিড হাসপাতালে রূপান্তরিত করার চিন্তা ভাবনা নিয়ে প্রশাসনের সাথে আলোচনা সারলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।

ব্যারাকপুর স্টেডিয়ামটিতে ২০টি শয্যা বিশিষ্ট সেফ হোম তৈরি করা হলেও করোনা পরিস্তিতি সামাল দিতে সেই সেফ হোম টিকে সেমি কোভিড হাসপাতালে রূপান্তরিত করতে ব্যারাকপুরের নব নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী শনিবার দুপুরে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে মিটিং করেন। এই মিটিংয়ে রাজ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ফাইনান্স ম্যানেজমেন্ট, জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, ব্যারাকপুর ও টিটাগরের পৌর প্রশাসক, ব্যারাকপুর পুলিশ কমিশনার, বি এন বসু হাসপাতালের সুপার।

আলোচনা সভা শেষ করে এই মিটিংয়ে উপস্থিত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ব্যারাকপুর স্টেডিয়ামটি পরিদর্শনে যান। ব্যারাকপুরের এই সেফ হোমটিকে সেমি কোভিড হাসপাতাল করা যায় কি না তা দেখার জন্য
স্বাস্থ্য ভবন থেকে আসেন ডাক্তার সুপর্ণ পাল, ডঃ তাপস রায় (সিএমএইচ)। তারাও আজ স্টেডিয়াম ঘুরে দেখেন।

জেলা শাসক সুমিত গুপ্তা জানান, “আমাদের কাছে ব্যারাকপুরের এই স্টেডিয়ামটিকে সেফ হোম থেকে সেমি কোভিড হাসপাতালে পরিণত করার প্রস্তাব আসে, সেই জন্য আজ আমরা বিষয়টি দেখে গেলাম, কারন সেফ হোম আর হাসপাতাল দুটো এক জিনিস না, তবে এই স্টেডিয়ামে হাসপাতাল খোলার মত জায়গা আছে। আমরা চেষ্টা করবো যাতে এখানে হাসপাতাল চালু করার কাজ দ্রুত শুরু করা সম্ভব হয়। কি কি পরিষেবা যোগ করতে পারবো আমরা এই বিষয়ে আরো কিছু আলোচনা আছে সেটাও দ্রুত সেরে ফেলা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *