অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২১ জানুয়ারি:
এনআরসি করতে গিয়ে কেবল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন বারবার আলাদা নিয়ম জারি করেছে বলে ‘দেশ বাঁচাও মঞ্চ’ যে অভিযোগ করেছে, ভোটদাতাদের একাংশের তরফেই তার প্রতিবাদ উঠল। প্রতিবাদীদের বক্তব্য, বারবার, কখন কী আলাদা নিয়ম জারি হয়েছে, তার নির্দিষ্ট প্রমাণ দাখিল না করে একপেশে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রাজ্যের শাসক দল পুষ্ট ‘দেশ বাঁচাও মঞ্চ’ মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এসআইআর-এ অনুমোদিত নয়। ভোটদাতাদের একাংশের পাল্টা অভিযোগ, মঞ্চের ওই অভিযোগ ভিত্তিহীন। কার্ণ, এ ব্যাপারে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। সেটাই মেনে চলা হচ্ছে।
মঞ্চের অভিযোগ, রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন শংসাপত্র ও নথিকে মান্যতা দিতে চাইছে না। ভোটদাতাদের একাংশের পাল্টা দাবি, এই অভিযোগও ভিত্তিহীন। কারণ, ঘোষিত ও স্বীকৃত প্রতিটি বৈধ নথিকেই আইন অনুযায়ী এনআরসি-তে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঞ্চের অভিযোগ, রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটাধিকার খর্ব করার উদ্দেশ্যেই নিয়ম বদলের ছক করা হচ্ছে। ভোটদাতাদের একাংশের পাল্টা দাবি, নিয়ম বদলের ছকটা কী, সেটা তো নির্দিষ্টভাবে জানাতে হবে! কেবল, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অভিযোগ করলে তো চলবে না!

