স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ মে: একেবারে ব্যক্তিগত উদ্যোগে গ্রামের মানুষকে সচেতন করার পাশাপাশি স্যানিটাইজিং করছেন একজন স্কুল শিক্ষক। রায়গঞ্জের গ্রাম পঞ্চায়েতের কর্নজোড়া কালীবাড়ি সংলগ্ন বাজারঘাট থেকে শুরু করে রাস্তাঘাট স্যানিটাইজিং করলেন ওই এলাকারই বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক বিপ্লব কুমার মন্ডল। পাশাপাশি যারা মাস্ক ছাড়া ঘুরে বেরেচ্ছেন তাদের মাস্ক দিচ্ছেন বিপ্লববাবু। এর সাথে সাথে এলাকার সাধারন মানুষকে ভয়াবহ এই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন করার বার্তাও দিয়ে চলেছেন তিনি।

দ্বিতীয় পর্যায়ে করোনা ভাইরাস দিনের পর দিন ভয়াবহ আকার ধারন করছে। এই করোনা সংক্রমণ প্রতিরোধে গ্রামগঞ্জের সাধারন মানুষ শহর ও শহরতলীর মানুষের মতো সচেতন না হওয়ায় তাদের সচেতন করার উদ্যোগ নিলেন গ্রামেরই এক স্কুল শিক্ষক। রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি ১ গ্রামপঞ্চায়েতের কর্নজোড়ার বাসিন্দা বাহিন প্রাথমিক স্কুলের শিক্ষক বিপ্লব কুমার মন্ডল। গ্রামের বাজারগুলিতে আসা ক্রেতা বিক্রেতা ও সাধারন মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে তাদের স্যানিটাইজিং করছেন তিনি। তার সাথে সাথে এলাকার বাজারঘাট থেকে শুরু করে রাস্তাঘাট স্যানিটাইজার দিয়ে পরিচ্ছন্ন রাখার কাজ করছেন। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। তাদের কথায় সকলের মিলিত প্রয়াসেই এবং সচেতনতায় মোকাবিলা করা সম্ভব মারন করোনা ভাইরাসের।

