চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেও বাঁচাতে পারলেন না, সাপের কামড়ে মৃত্যু হল বারুইপুরের বাসিন্দার

আমাদের ভারত, বারুইপুর, ১৫ জুলাই: সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সাহেব পিয়াদা(৬১)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার ছয়ানি এলাকায়।

জানাগেছে, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ সাপে কামড়ায় ঐ ব্যক্তিকে। পরিবারের লোকেরা ক্যানিং মহকুমা হাসপাতালে আনতে অনেক দেরি করে ফেলেন। যদিও হাসপাতালে নিয়ে আসা হলে তড়িঘড়ি চিকিৎসা শুরু হয় ঐ রোগীর। ৫০ টি এভিস দিয়েও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি সাহেব পিয়াদাকে। বৃহস্পতিবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালেই মৃত্যু হয় ঐ ব্যক্তির।

চিকিৎসকদের দাবি হাসপাতালে আনতে দেরি হওয়ার কারণেই মৃত্যু হয়েছে ঐ ব্যক্তির। সাহেব পিয়াদাকে সাপে কামড়ানোর পর ওঝা, গুণিনের কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করা হয়েছে বলেও দাবি করেছেন চিকিৎসকরা। যদিও মৃতের পরিবারের সদস্যদের দাবি ওঝা, গুণিন নয় গাড়ি পেতে দেরি হওয়ার কারণেই হাসপাতালে রোগীকে নিয়ে আসতে দেরি হয়েছে। অন্যদিকে হাসপাতালে সিসিইউতে বেড না থাকার কারণে আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া যায়নি ঐ রোগীকে, দাবি চিকিৎসকদের। সেটা দেওয়া গেলে হয়তো তাঁকে বাঁচানো সম্ভব হতো। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *