সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৫ জুন: করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পুনরাবৃত্তির মতো ঘটনা বাঁকুড়ার ওন্দায়। কাকভোরে দুই মালগাড়ির সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওন্দায়। এদিন ভোর ৪টা. ১৫ মি নাগাদ ওন্দা ষ্টেশনে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে অপর একটিমালগাড়ী ধাক্কা মারে।
সংঘর্ষের জেরে দুই মালগাড়ির ১৩টি বগি লাইনচ্যুত হয়। দুই মালগাড়ির সংঘর্ষে বিকট আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারাই মালগাড়ির চালককে উদ্ধার করে। তিনি অল্প চোট পেয়েছেন। আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে। এদিকে এই ঘটনা কে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। একই লাইনে মালগাড়ি দাড়িয়ে থাকা সত্ত্বেও কী করে অপর একটি মালগাড়ী এসে পড়লো যা ভুবনেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পুনরাবৃত্তি।

ঘটনার কিছু পরে দক্ষিণ পূর্ব-রেলের আদ্রা ডিভিশনের ডি আর এম মনীশ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে চালকের ভুলেই এই ঘটনা ঘটেছে।দুই মালগাড়ীর সংঘর্ষে লাইনের সিগন্যাল ও প্লাটফর্ম এর ক্ষতি হয়েছে।
ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা খড়্গপুর শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়, বেলার দিকে রেল চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

