সাথী দাস, পুরুলিয়া, ২৩ আগস্ট: রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হল পুরুলিয়ায়। এক দিনে ৬২ জন আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়িয়ে তুলল জেলা প্রশাসনের।
পুরুলিয়া শহর সহ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় একটিভ করোনা আক্রান্ত ৩২৫ জন। পুরুলিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একদিনে এতটা এর আগে বাড়েনি। আক্রান্তদের মধ্যে প্রশাসনিক আধিকারিক, পুলিশ, চিকিৎসক, সেবিকা, বাদ নেই কেউ। এর সঙ্গে রয়েছে সাধারণ মানুষও। পুরুলিয়া শহরে গোষ্ঠী সংক্রমণ বাড়ছে বলে প্রশাসনের অনুমান। জেলা জুড়ে লালারস নমুনা সংগ্রহের হার বাড়তেই আক্রান্তের সংখ্যা বাড়ল বলে মনে করছে প্রশাসন।
আজ জেলায় মোট সর্বাধিক ১৯৬৪ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জেলায় কনটেইনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ১৭২ টি। এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ৪৩৭ জন করোনা মুক্ত হয়ে গেছেন ।

