মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে

আমাদের ভারত, ২৮ আগস্ট: মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেবে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এই মামলায় নথিভুক্ত করা হয়নি।

মামলা দায়ের করে আইনজীবী দাবি করেছেন, তৃণমূলের বর্তমান মুখপাত্র কুণাল ঘোষ এক সময় বলেছিলেন, সারদার সব টাকা রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে। আর সেই টাকা দলের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এছাড়াও আবেদনে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে, তারা বিপুল টাকার সম্পত্তি জলের দামে কিনেছে বলে অভিযোগ আইনজীবীর। এই মামলাতে কার্তিক বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, কাজলি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

একইসঙ্গে এই মামলায় সিবিআই, ইডিকে দিয়ে তদন্ত করানোর আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দলের একাধিক নেতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম সহ শাসক দলের একাধিক নেতা মামলা দ্রুত শুনানির আর্জি জানান আদালতে। সেই মামলায় ইডিকে পার্টি করেছে আদালত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হল এবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *